যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কোয় ট্রাম্পের দূত

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার (১২ নভেম্বর) মস্কোয় পৌছেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ভনুকোভো বিমানবন্দরে পৌঁছানোর পর তারা রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভের সাথে সাক্ষাৎ করেন।

যুদ্ধ বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মঙ্গলবার ও বুধবার ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়া বৈঠকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা অংশ নেন। গত ফেব্রুয়ারির পর এটিই ছিল এ ধরনের প্রথম ত্রিপক্ষীয় আলোচনা।

বুধবারের বৈঠকটি দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে শেষ হওয়ার পর কুশনার জানান, মস্কো বৈঠকের মূল উদ্দেশ্য হলো আরও মানবিক সহায়তা ও বন্দি মুক্তির পরিকল্পনা চূড়ান্ত করা। পাশাপাশি, আলোচনাটিকে বহুপাক্ষিক রূপ দিতে এতে ইউরোপীয়দের যুক্ত করার বিষয়েও চাপ দেওয়া হবে। ইউক্রেন দীর্ঘদিন ধরেই মূল আলোচনার টেবিলে ইউরোপকে রাখার দাবি জানিয়ে আসছে। তবে মস্কো ত্রিপক্ষীয় আলোচনায় বসলেও তাতে ইউরোপীয়দের অংশগ্রহণের বিরোধিতা করে আসছে।

চলতি সপ্তাহের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের ওই শহরে ইউরোপীয় কর্মকর্তাদের উপস্থিতির সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, তাদের এই সম্পৃক্ততা কোনো আশাব্যঞ্জক পদক্ষেপ নয়। ট্রাম্প প্রশাসনে কোনো আনুষ্ঠানিক পদে না থেকেও দেশের অন্যতম শীর্ষ কূটনীতিক হিসেবে ভূমিকা রাখা কুশনার এবং উইটকফ এরপর ডাবলিনে যাবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করবেন এবং আবুধাবি আলোচনা থেকে উঠে আসা ধারণাগুলো নিয়ে কথা বলবেন।

সূত্র : সিএনএন

জেএম
আরও পড়ুন