ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা আর মার্কিন সামরিক অভিযানের প্রধান উদ্দেশ্য নয়। ওয়াশিংটনের মূল লক্ষ্য এখন মার্কিন ভোক্তাদের জন্য তেলের দাম স্বাভাবিক রাখা।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নতুন কৌশলগত অবস্থানের কথা স্পষ্ট করেছেন।
তিনি জানান, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালি দিয়ে অবাধে তেল পরিবহন নিশ্চিত করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার।
এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, তেহরানের ওপর শিগগিরই নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন।
এতদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করাকে যুদ্ধের প্রধান লক্ষ্য হিসেবে দাবি করে আসলেও শীর্ষ দুই কর্মকর্তার বক্তব্যে সেই অগ্রাধিকারের বড় পরিবর্তন দেখা গেল।
বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ রেখে ইরান বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের সামরিক ও অর্থনৈতিক সুবিধাজনক অবস্থানে রয়েছে।
মার্কিন প্রশাসনের সাম্প্রতিক বক্তব্যেই ইঙ্গিত মিলছে যে, সংঘাতটি এখন ইরানের পারমাণবিক ইস্যু থেকে সরে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও বিশ্ব জ্বালানি বাজারের ওপর কেন্দ্রভূত হয়েছে।
সূত্র: এএফপি ও বিবিসি