ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার মার্কিন চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আহমাদ খাতামি।
একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওয়াশিংটনকে যেভাবে পূর্বে অপমানিত করা হয়েছে, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির গার্ডিয়ান কাউন্সিল ও অ্যাসেম্বলি অব এক্সপার্টসের এই জ্যেষ্ঠ সদস্য মার্কিন নীতির কঠোর সমালোচনা করেন।
তিনি মন্তব্য করেন, শত্রুপক্ষ ইরানকে প্রাক-প্রস্তর যুগে ঠেলে দিতে চেয়েছিল, কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি।
আহমাদ খাতামি আরও বলেন, মার্কিন সরকার বিশ্বজুড়ে গণতন্ত্রের কথা বললেও তারা নিজেরাই প্রকৃত সভ্যতা বোঝে না। তাদের বর্তমান আচরণই অসভ্য ও অতীত যুগের বর্বরতার কথা মনে করিয়ে দেয়।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার পরও দেশটির পারমাণবিক সক্ষমতা পুরোপুরি বহাল রয়েছে বলে দাবি করা হয়। এই প্রযুক্তি সামরিক বলপ্রয়োগ করে মুছে ফেলা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকারে এই শীর্ষ নেতা জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক শক্তি মূলত দেশীয় বিজ্ঞানী ও তাদের অর্জিত জ্ঞানের ওপর প্রতিষ্ঠিত। ফলে বাহ্যিক হামলায় এই সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা অসম্ভব।
সূত্র: আল জাজিরা