মধ্যপ্রাচ্যে সাগরে টানা ৯ মাস ধরে টহল দিচ্ছে মার্কিন অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’।
সাধারণত ৬ মাসের জন্য দায়িত্ব দেওয়া হলেও দীর্ঘদিন সাগরে আটকে থাকায় এতে থাকা প্রায় ৫ হাজার নাবিক ও সেনার মানসিক স্বাস্থ্য এবং সার্বিক নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
সেনাবাহিনী সূত্রের খবর, গত আট মাসে এই জাহাজ থেকে ১০ হাজারের বেশি যুদ্ধবিমান উড্ডয়ন করেছে।
একইসঙ্গে নিয়মিত ইরানের মিসাইল ও ড্রোন হামলা সামলাতে গিয়ে তীব্র শারীরিক ও মানসিক চাপে দিন পার করছেন নৌসেনারা, যা তাদের মারাত্মক ঝুঁকিতে ফেলছে।
জেফারসন কেলি নামে এক নাবিকের বাবা জানান, পুরোনো জাহাজ সচল রাখতে সেনাসদস্যদের দিনরাত অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্তানদের এভাবে অনির্দিষ্টকালের জন্য ঝুঁকিপূর্ণ সমুদ্রে ফেলে রাখা মোটেও যুক্তিসঙ্গত কাজ নয়।
এদিকে জাহাজে খাবার পানির তীব্র সংকট, শৌচাগার বিকল এবং মানসিক স্বাস্থ্য অবনতির বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে চিঠি পাঠিয়েছেন সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল।
তবে মার্কিন সেন্টকম ও নৌবাহিনী জানিয়েছে, জাহাজে এসি, সুপেয় পানি ও কাউন্সেলিং সেবা সচল রয়েছে এবং আত্মহত্যার ঝুঁকির খবরটি ভিত্তিহীন।
সামরিক বাহিনীর আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না উদ্বেগে থাকা স্বজনরা; অনেকেই সন্তানকে ফেরত পাঠাতে আকুল আবেদন জানিয়েছেন।
সুসংবাদ হলো, আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হতে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ মধ্যপ্রাচ্যের দিকে রওনা হলেও দায়িত্ব হস্তান্তরে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে।
তথ্যসূত্র: সিবিএস নিউজ (CBS News)