গাজায় ইসরায়েলি ট্যাংকে বিস্ফোরক হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একটি ট্যাংক বিস্ফোরক হামলার শিকার হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে গাজার কথিত ‘হলুদ লাইনের’ কাছে এ ঘটনা ঘটে।

আইডিএফের তথ্য অনুযায়ী, ওই এলাকায় দায়িত্ব পালনরত গিবাতি ব্রিগেডের একটি ট্যাংক লক্ষ্য করে বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। তবে এ ঘটনায় কোনো ইসরায়েলি সেনা হতাহত হয়নি।

এদিকে একই দিনে গাজায় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাদের দাবি, ‘হলুদ লাইনের’ কাছে থাকা তাদের সদস্যদের দিকে ওই দুই ব্যক্তি এগিয়ে আসছিলেন। তাদের গতিবিধিকে হুমকি হিসেবে বিবেচনা করে সেনারা গুলি চালালে দুজন নিহত হন।

গাজায় বর্তমানে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চললেও সেখানে সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি পক্ষের অভিযোগ, ইসরায়েলি বাহিনী বিভিন্ন সময় নানা অজুহাতে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে আসছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ট্যাংকে বিস্ফোরক হামলা এবং দুই ফিলিস্তিনিকে হত্যার ঘটনাকে যুদ্ধবিরতির ‘চরম লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে। এসব ঘটনার জবাবে গাজায় নতুন করে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা।

সূত্র: টাইমস অব ইসরায়েল