গাজার ‘হলুদ সীমারেখা’ এগিয়ে নিচ্ছে ইসরায়েল, বাড়িঘরে বিস্ফোরকবাহী ড্রোন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

বাড়ির ছাদে বিস্ফোরকভর্তি বাক্স ফেলে মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এতে গাজার গুরুত্বপূর্ণ সড়ক সালাহ আল-দিন স্ট্রিটের পূর্বাঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গাজা উপত্যকার পূর্বাঞ্চলে, বিশেষ করে গাজা সিটির দক্ষিণ-পূর্বের জেইতুন এলাকায় বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। এসব ড্রোন থেকে বিস্ফোরকভর্তি বাক্স ফেলে দেওয়া হচ্ছে এখনো দাঁড়িয়ে থাকা ভবনগুলোর ছাদে। এতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সেখানে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়ছে।

গাজা থেকে আলজাজিরার প্রতিবেদক নূর খালেদের ভাষ্য অনুযায়ী, এসব বাক্সে বিস্ফোরক থাকে। তাঁর দাবি, অব্যাহত কামানের গোলাবর্ষণের তুলনায় এ পদ্ধতিতে ইসরায়েলের খরচ কম হলেও ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পুরো সময়জুড়েই এ ধরনের বিস্ফোরকবাহী বাক্স ব্যবহার করা হয়েছে। তবে সর্বশেষ হামলার লক্ষ্য ছিল সালাহ আল-দিন সড়কের পূর্ব পাশে এখনো টিকে থাকা এলাকায় বসবাসকারী বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সেখান থেকে সরিয়ে দেওয়া।

‘হলুদ সীমারেখা’ এগিয়ে নেওয়ার অভিযোগ

গাজা সিটির শুজাইয়া ও তুফফাহ এলাকায়ও একই কৌশল প্রয়োগের অভিযোগ উঠেছে। প্রতিবেদকের ভাষ্য, ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে হলুদ রঙের ব্লক সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর মাধ্যমে কথিত ‘হলুদ সীমারেখা’ পুনর্নির্ধারণ করে নতুন এলাকাকে নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে তারা।

এই সীমারেখা এগিয়ে নেওয়ার ফলে ওই এলাকাগুলোতে বসবাসকারী ফিলিস্তিনিদের ঘরবাড়ি ছেড়ে পশ্চিমাঞ্চলের দিকে সরে যেতে হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে গাজার বিভিন্ন এলাকা

প্রতিবেদকের আশঙ্কা, এভাবে গোলাবর্ষণ ও বিস্ফোরকবাহী বাক্স ফেলার ঘটনা অব্যাহত থাকলে গাজার অন্যতম প্রধান সড়ক সালাহ আল-দিন স্ট্রিটের পূর্ব পাশের বিস্তীর্ণ এলাকা ইসরায়েলি নিয়ন্ত্রণে চলে যেতে পারে।

এতে শুধু নতুন ভূখণ্ডের নিয়ন্ত্রণই নয়, গাজার যোগাযোগব্যবস্থার ওপরও বড় প্রভাব পড়বে। গুরুত্বপূর্ণ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, উপত্যকার বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ বাধাগ্রস্ত হতে পারে এবং আরও বেশি মানুষকে পশ্চিমাঞ্চলে আশ্রয় নিতে হতে পারে।

ফলে আগে থেকেই বাস্তুচ্যুত মানুষের চাপে থাকা গাজার পশ্চিমাঞ্চলে আবাসন, খাদ্য, পানি ও জরুরি সেবার সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

এমএজেড
আরও পড়ুন