দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন বলে জানিয়েছে লেবাননের কর্তৃপক্ষ। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলায় তিন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনা গুরুতর আহত হওয়ার পর যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এসব হামলা চালানো হয়।

পরে ইসরায়েল বেসামরিক হতাহতের বিষয়টি স্বীকার করে দাবি করেছে, হিজবুল্লাহ ইচ্ছাকৃতভাবে ওই সামরিক স্থাপনায় বেসামরিক লোকজনকে রেখেছিল। নিহত নারী ও শিশুরা হামলায় লক্ষ্যবস্তু করা হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডারের পরিবারের সদস্য বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তাঁর অভিযোগ, দেশ দুটির মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরবর্তী দফার আলোচনা শুরুর আগে ইসরায়েল একটি ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, টাইরের উত্তরে আনসার এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালে সাতজন নিহত ও দুজন আহত হন। নাবাতিয়েহর উত্তরে দেইর আল-জাহরানি এলাকায় আরেক হামলায় চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

আইডিএফ জানিয়েছে, শনিবার রাত থেকে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর হামলার জবাব হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয় বলে দাবি করেছে ইসরায়েল। নাবাতিয়েহ এলাকায়ও একাধিক হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে আলি তাহের রিজ এলাকায় ব্যাপক হামলা চালানো হয়। ওই এলাকার নিচে হিজবুল্লাহর একটি বড় ভূগর্ভস্থ স্থাপনা রয়েছে বলে দাবি ইসরায়েলের।

পরে আইডিএফ নিশ্চিত করে, রাত আনুমানিক আড়াইটার দিকে হিজবুল্লাহর ছোড়া একটি বিস্ফোরক ড্রোনের আঘাতে ওই এলাকায় দায়িত্ব পালনরত তিন ইসরায়েলি সেনা গুরুতর আহত হন।

আইডিএফের অভিজাত ইয়াহালোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের সেনাদের কাছাকাছি ড্রোনটি বিস্ফোরিত হয়। এতে একজন কর্মকর্তা ও দুই সেনা গুরুতর আহত হন। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এর জবাবে নাবাতিয়েহ ও আনসার এলাকায় হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালানোর কথা জানায় আইডিএফ। দুটি এলাকা পরস্পরের কাছাকাছি। হামলায় হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইসরায়েল।

আইডিএফের ভাষ্য, আলি তাহের রিজ এলাকায় হিজবুল্লাহর হামলার পর এসব অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকা ইসরায়েলের ঘোষিত নিরাপত্তা অঞ্চলের মধ্যে অবস্থিত, যেখানে আইডিএফ সেনারা অভিযান চালাচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরাইল