যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে কায়রো যাচ্ছেন হামাসপ্রধান

গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় অংশ নিতে মিসরের রাজধানী কায়রো সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক নেতা ও প্রধান আলোচক খলিল আল-হাইয়া। সংগঠনটির একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও আনাদোলু।

জুলাইয়ের শেষ দিকে হামাসের নেতৃত্ব গ্রহণের পর এটিই হবে আল-হাইয়ার প্রথম মিসর সফর। রোববার (১৬ আগস্ট) সকালে মিসরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান রাশাদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে আগামী সপ্তাহে ইসরাইল ও মিসর সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনারের।

গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইলসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যে মতপার্থক্য রয়েছে, তা কমিয়ে আনার লক্ষ্যেই কুশনারের এই সফর বলে জানা গেছে।

কুশনারের সফরসঙ্গী হিসেবে ‘বোর্ড অব পিস’-এর গাজার জন্য উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভও থাকবেন।

এর আগে ‘বোর্ড অব পিস’-এর প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই পরিকল্পনায় হামাস একটি নতুন ফিলিস্তিনি পরিচালনা কমিটির কাছে তাদের অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছিল।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, পরিকল্পনা অনুযায়ী নেতানিয়াহু ও তার সরকারকে পদক্ষেপ নিতে বাধ্য করার জন্য মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ প্রয়োগের অপেক্ষায় রয়েছে হামাস।

গাজায় অব্যাহত ইসরাইলি হামলা

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও গাজায় ইসরাইলি হামলা থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ইসরাইলি বিমান হামলা, গোলাবর্ষণ ও বিভিন্ন স্থাপনা ধ্বংসের ঘটনায় দুই ফিলিস্তিনি নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনি সরকারি সূত্রের দাবি, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ১ হাজার ২৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে গাজায় নিহতের মোট সংখ্যা ৭৩ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।