রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর টহল মিশনে থাকা স্পেনের একটি এফ-১৮ যুদ্ধবিমান। রোববার (১৬ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। চলতি বছরে রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী এটি চতুর্থ ড্রোন।
মন্ত্রণালয় বলেছে, রাডারে ড্রোনটির গতিবিধি শনাক্ত হওয়ার পর স্পেনের এফ-১৮ যুদ্ধবিমান সেটির সঙ্গে যোগাযোগ স্থাপন করে। পরে সেটিকে ভূপাতিত করার অনুমতি দেওয়া হয়। স্থানীয় সময় ভোর ৫টা ১ মিনিটে ড্রোনটি গুলি করে নামানো হয়।
তবে ড্রোনটি কোন দেশের ছিল, তা নিশ্চিত করেনি রোমানিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী মলদোভা থেকে ড্রোনটি রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেছিল। এটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গালাতি শহরের প্রায় ২৪ কিলোমিটার উত্তরে রোমানিয়ার ভূখণ্ডে ঢোকে।
ড্রোনটির ধ্বংসাবশেষ দুটি গ্রামের মধ্যবর্তী জনবসতিহীন এলাকায় পড়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের ৬১৪ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত চার বছরে রুশ ড্রোন একাধিকবার রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়েছে। এ ছাড়া কৃষ্ণসাগরেও বিভিন্ন সময় ভাসমান মাইন শনাক্ত হয়েছে, যা গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথের জন্য ঝুঁকি তৈরি করছে।
এর আগে জুলাইয়ে রোমানিয়ার এফ-১৬ যুদ্ধবিমানের পাইলটরা দেশটির আকাশসীমায় প্রবেশ করা তিনটি রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করেন। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটাই ছিল রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী ড্রোন ভূপাতিত করার প্রথম ঘটনা।
চলতি বছরের শুরুতে ইউক্রেনে রুশ হামলার সময় একটি রুশ ড্রোন গালাতি শহরের একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হয়। এতে দুজন আহত হন।
সূত্র: সিএনএন।