চলতি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২০০টিরও বেশি শত্রু বিমান ভূপাতিত করার বড় দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি কৌশলগত এ সাফল্যের কথা নিশ্চিত করেছেন।
আইআরজিসি উপপ্রধান জানান, ইরানের সামরিক ও আধুনিক কৌশলী পদক্ষেপের মুখে পড়ে প্রতিপক্ষ বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে সফটওয়্যার ও জ্ঞানভিত্তিক একক চেষ্টার ফলে প্রতিপক্ষের বহু বিমান ভূপাতিত করা সম্ভব হয়।
মূলত সাইবার হামলা, রাডার জ্যামিং ও মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করে এসব যুদ্ধবিমান অকার্যকর ও ধ্বংস করা হয়েছে। এই সংকর যুদ্ধ বা হাইব্রিড ওয়ারে বিজয়ের মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে ইরান নিজেদের শক্তির জানান দিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সামরিক অভিযানের পাশাপাশি প্রতিপক্ষ কৌশলগতভাবে ইরানকে অভ্যন্তরীণ দিক থেকে অস্থিতিশীল করার ব্যর্থ অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই সংঘাতের কারণে ইরানের রাজনৈতিক ব্যবস্থা দুর্বল বা খণ্ডিত হওয়ার কোনো সুযোগ নেই।
ইরান বিভাজিত হওয়ার সব গুঞ্জন প্রত্যাখ্যান করে তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী ও সুদৃঢ় অবস্থান নিয়ে বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করেছে।
তথ্যসূত্র: আল জাজিরা