মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি তেল আবিবের আগ্রাসী নীতিকে এই অঞ্চলের অস্থিরতার মূল কারণ হিসেবে চিহ্নিত করেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা’ প্রতিরক্ষা চুক্তি নিয়েও কথা বলেন এরদোগান।
তিনি স্পষ্ট করেন, এই জোট কেবল তিনটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; মিসরসহ যেকোনো আরব ও মুসলিম দেশ চাইলে এতে যোগ দিতে পারবে।
সাক্ষাৎকারে সিরিয়ার প্রতি তুরস্কের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন এরদোগান। একই সঙ্গে তিনি জানান, ইরানকে কেন্দ্র করে যেকোনো ধরনের সামরিক সংঘাতের তীব্র বিরোধী আঙ্কারা। তুরস্ক সর্বদা মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার পক্ষে অবস্থান করছে বলেও জানান তিনি।
এরদোগান জোর দিয়ে বলেন, ইসরায়েল শুরু থেকেই যুদ্ধের পথ বেছে নিয়েছে এবং প্রতিবেশীদের উসকানি দিয়ে আসছে। তেল আবিবের এই সামরিক আগ্রাসনের কারণে পুরো মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষকে বছরের পর বছর ধরে চড়া মূল্য দিতে হচ্ছে।
(সূত্র: আলজাজিরা ও পার্সটুডে)