মার্কিন অর্থমন্ত্রীর চরম হুঙ্কার

ইরান সরকারের সম্পূর্ণ অর্থনৈতিক পতনই মূল লক্ষ্য

ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দ্রুতই এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরার ইঙ্গিত দিয়েছেন।

হোয়াইট হাউসের হাতে ইরানকে চেপে ধরার মতো বেশ কয়েকটি শক্তিশালী অর্থনৈতিক ও প্রশাসনিক হাতিয়ার রয়েছে।

বিশেষ করে গত ফেব্রুয়ারিতে জারি করা নির্বাহী আদেশের মাধ্যমে তেহরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সুযোগ তৈরি হয়েছে।

এছাড়া ইরানের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবসায় জড়ানো যেকোনো সংস্থা, বিমানবন্দর কিংবা ব্যক্তিগত সত্তার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করতে পারেন স্কট বেসেন্ট।

সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বিশ্বমিত্রদের যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আঞ্চলিক মিত্রদের উদ্দেশে সরাসরি হুঙ্কার দিয়ে তিনি বলেন, "আপনারা হয় আমাদের পক্ষে আছেন, না হয় বিপক্ষে।"

অতীতে কিউবা ও ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চালানো সফল অর্থনৈতিক যুদ্ধ ও কৌশলের উদাহরণও টেনে আনেন বেসেন্ট।

তেহরানের সাথে এই তীব্র মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক লড়াই কতদিন চলবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তিনি।

তবে যুক্তরাষ্ট্র সরকারের মূল লক্ষ্য যে "ইরান সরকারের অর্থনৈতিক পতন" নিশ্চিত করা, তা নিয়ে কোনো সংশয় রাখেননি মার্কিন অর্থমন্ত্রী।

তথ্যসূত্র : আল জাজিরা