অবরুদ্ধ হরমুজ : ১৯ নাবিকের মৃত্যুতে জাতিসংঘে উদ্বেগ

ইরানের বিতর্কিত পদক্ষেপের কারণে হরমুজ প্রণালীতে তৈরি হয়েছে ভয়াবহ আতঙ্ক। গত ফেব্রুয়ারির শেষভাগে জলপথটি অবরুদ্ধ করার পর থেকে এ পর্যন্ত বহু আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) জানিয়েছে, হরমুজ প্রণালীতে এখন পর্যন্ত অন্তত ৬৮টি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি শুক্রবার পর্যন্ত হিসাব অনুযায়ী এসব ঘটনায় মোট ১৯ জন নাবিক প্রাণ হারিয়েছেন।

সহিংসতার সর্বশেষ শিকার হয়েছে লাইবেরিয়া নিবন্ধিত পণ্যবাহী জাহাজ 'মিনোয়ান ডিগনিটি'। গত ১৭ আগস্ট জাহাজটির প্রধান ইঞ্জিন রুমে সরাসরি একটি প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

সামুদ্রিক ট্রাফিক পর্যবেক্ষণকারী সংস্থা 'উইন্ডওয়ার্ড'-এর তথ্যমতে, এই ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটিতে কর্মরত প্রধান প্রকৌশলী (চিফ ইঞ্জিনিয়ার) ঘটনাস্থলেই নিহত হন। বাণিজ্য জাহাজে এমন লাগাতার হামলায় বৈশ্বিক নৌ-বাণিজ্যে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা