জীবাশ্ম জ্বালানি ইস্যুতে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষের পথে কপ৩১ সম্মেলন

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ চূড়ান্ত চুক্তি নিয়ে গভীর মতবিরোধ দেখা দিয়েছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আপত্তির মুখে সর্বশেষ খসড়া চুক্তি প্রত্যাখ্যান করেছে জোটটি। এতে সম্মেলনের আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনের সভাপতি মুরাত কুরুম জানিয়েছেন, জলবায়ু চুক্তির নতুন কোনো খসড়া প্রকাশ করা হবে না। এর আগে তিনি নিশ্চিত করেন, সর্বশেষ খসড়া চুক্তিটি অনুমোদন পায়নি। সম্মেলনে এমন পরিস্থিতিকে প্রায় নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন সেখানে উপস্থিত বিবিসির প্রতিবেদক।

জলবায়ু আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে পর্যায়ক্রমে সরে আসার প্রতিশ্রুতি পুনর্বহালের দাবি জানিয়ে আসছিল। তবে সম্মেলনের চতুর্থ খসড়া চুক্তিতেও জীবাশ্ম জ্বালানির বিষয়ে কোনো উল্লেখ রাখা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইইউর এক প্রতিনিধি অভিযোগ করেন, কয়েকটি তেল উৎপাদনকারী দেশ নিজেদের স্বার্থে আলোচনার প্রক্রিয়াকে প্রভাবিত করছে।

অন্যদিকে, জীবাশ্ম জ্বালানির বিষয়টি চুক্তিতে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছে রাশিয়া। এর আগে সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি তেল উৎপাদনকারী দেশ খসড়া থেকে এ বিষয়টি বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিল। সম্মেলনে দেওয়া বক্তব্যে রাশিয়া সরাসরি ইউরোপীয় ইউনিয়নের সমালোচনাও করে।

এদিকে, সর্বশেষ খসড়া চুক্তিতে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সীমা বজায় রাখার লক্ষ্য অর্জিত না হওয়ার আশঙ্কা স্বীকার করা হয়েছে। বৈশ্বিক উষ্ণতা এই সীমা ছাড়িয়ে গেলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সমঝোতায় পৌঁছাতে না পারায় কপ৩১ সম্মেলন ইতোমধ্যে ইতিহাসের দীর্ঘতম জলবায়ু সম্মেলনে পরিণত হয়েছে। নির্ধারিত সমাপ্তির দুই দিন পরও আলোচনা চলছিল। তবে দেশগুলো শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে আলোচনা আগামী বছর পর্যন্ত স্থগিত হতে পারে। অতীতে কপ সম্মেলনে এমন ঘটনা ঘটেছে মাত্র একবার।

সম্মেলনে ঐকমত্য না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের জ্বালানিমন্ত্রী মিয়াত্তা ফাহনবুলেহ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তুলতে না পারা হতাশাজনক। তবে আনতালিয়ায় জলবায়ু সংকট মোকাবিলায় যে অগ্রগতি হয়েছে, তা নিয়ে অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

সূত্র: বিবিসি 

বিএইচবি
আরও পড়ুন
সর্বশেষপঠিত