যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় এক নির্বাচনী প্রচার সভায় ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সামরিক সক্ষমতা নিয়ে তীব্র কটাক্ষ ও উপহাস করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিনেটর লিন্ডসে গ্রাহামের সমর্থনে আয়োজিত ওই সভায় ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের অভিযানের মুখে ইরানের সামরিক কাঠামো ও শীর্ষ নেতৃত্ব ব্যাপকভাবে ভেঙে পড়েছে।
ট্রাম্প বলেন, যখন একটি দেশের কোনো নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার, প্রযুক্তিগত সরঞ্জাম কিংবা উৎপাদন ব্যবস্থা অবশিষ্ট থাকে না, তখন তাদের মূল নেতৃত্ব হারিয়ে যায়। তাদের দ্বিতীয় সারির নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে, এমনকি তৃতীয় সারির নেতাদেরও বড় একটি অংশ শেষ।
ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ট্রাম্প বলেন, এখন আমার সবচেয়ে বড় সমস্যা হলো—আমি ঠিক কার সাথে আলোচনা বা চুক্তি করব, সেটাই বুঝতে পারছি না। এটি সত্যিই একটি অদ্ভুত পরিস্থিতি। বিশ্বের মধ্যে ইরানই হয়তো একমাত্র দেশ, যেখানে বর্তমানে কেউই প্রেসিডেন্ট হতে চাইছেন না!