সাবেক মার্কিন কূটনীতিক জোয়ি হুড বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ দাবি তিনি বিশ্বাস করেন না যে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে। তাঁর মতে, প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় বিভিন্ন দেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে ‘ভিন্ন ভিন্ন ব্যবস্থা’ গ্রহণ করছে।
আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হুড বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) চাইলে প্রায় যেকোনো সময় নিরস্ত্র জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। তবে এর অর্থ এই নয় যে বিশ্ব পরিস্থিতি এমনভাবে চলতে দেবে বা এ ধরনের হামলা মেনে নেবে।
তিনি বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ রাখা অত্যন্ত জরুরি। আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে নিরস্ত্র বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষিত রাখতে হবে।
হুড আরও বলেন, ইরাকে আইআরজিসি যে ধরনের ‘মাফিয়া-সদৃশ কৌশল’ ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে, হরমুজ প্রণালিতেও এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জোয়ি হুড মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইরানবিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।