দক্ষিণ লেবাননে সামরিক তৎপরতা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের জাতীয় বার্তা সংস্থার (এনএনএ) তথ্য অনুযায়ী, সম্প্রতি নাবাতিয়ে আল-ফাওকা গ্রামের আল-দেইর এলাকার একটি আবাসিক বাড়িতে সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলি যুদ্ধবিমান।
হঠাৎ ঘটে যাওয়া এই বিমান হামলায় বাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনাটিতে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা হতাহতের খবর নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।
আবাসিক এলাকায় হামলার পাশাপাশি নাবাতিয়ের কৌশলগত আলি আল-তাহের রিজ এলাকায় তীব্র গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। একই সাথে নিকটবর্তী দোহা কুফর রুমান পাহাড়ি অঞ্চলেও ভারী গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
সংঘাতের তীব্রতা বাড়িয়ে বিনতে জবেইল জেলার হাদাতা শহরেও অভিযান চালিয়েছে তারা। সেখানে একাধিক আবাসিক ও বাণিজ্যিক ভবন ডিনামাইট বা ভারী যন্ত্রপাতি দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
তথ্যসূত্র: ন্যাশনাল নিউজ এজেন্সি, লেবানন।