মধ্যপ্রাচ্যের চলমান সংকটের সামরিক সমাধানের বদলে কূটনৈতিক পথে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বেইজিংয়ে বৈঠকে তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখাতে হবে।
সোমবারের (২৪ আগস্ট) বৈঠকে শি জিনপিং বলেন, চীন বরাবরই একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির পক্ষে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর, বিশেষ করে জর্ডানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্মান করার ওপর জোর দেন তিনি।
চীনা প্রেসিডেন্ট জর্ডানের আঞ্চলিক ভূমিকাকেও গুরুত্ব দেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে জর্ডানের একটি অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং চীন দেশটির সেই ভূমিকার মূল্যায়ন করে।
বৈঠকে ফিলিস্তিন সংকটের একটি ন্যায়সংগত, স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাধানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন শি। তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা আবারও শুরু করার আহ্বান জানান।
এ ক্ষেত্রে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকেই সঠিক পথ হিসেবে উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট। তাঁর মতে, দীর্ঘস্থায়ী শান্তির জন্য ফিলিস্তিন সংকটের একটি ন্যায়সংগত ও টেকসই রাজনৈতিক সমাধান প্রয়োজন।
বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধারের আহ্বান জানায় চীন ও জর্ডান। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দূর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বিবৃতিতে।
ফলে যুদ্ধবিরতি, কূটনৈতিক সংলাপ এবং হরমুজে নৌ চলাচল স্বাভাবিক করার প্রশ্নে চীন ও জর্ডানের অবস্থানে বেশ কিছুটা মিল দেখা গেল। মধ্যপ্রাচ্যের সংকট আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে বেইজিং এভাবেই সামরিক উত্তেজনার বদলে রাজনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। সূত্র: ডন