কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সাত দফা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। বরং সময়ের সঙ্গে সঙ্গে প্রণালিতে বিধিনিষেধ আরও কঠোর করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তেহরানের আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ ইউনিভার্সিটিতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন হাতামি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাতামি বলেন, ইরানের নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে না। একই সঙ্গে এই জলপথের ওপর তেহরানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা হবে।
তিনি বলেন, দেশের ওপর থেকে যুদ্ধের হুমকি দূর করা, যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী অনিশ্চিত পরিস্থিতির অবসান এবং অন্যায্য নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের অন্যতম লক্ষ্য।
ইরানের সেনাপ্রধানের ভাষ্য, হরমুজ প্রণালি দেশটির সামরিক ও ভূরাজনৈতিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ। তাই এ জলপথের নিয়ন্ত্রণ কোনোভাবেই ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই।
হাতামির বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালির পূর্বদিকে দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যাওয়ার খবর দিয়েছে ইরানের নৌবাহিনী।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী জানায়, জাহাজ দুটি নিষিদ্ধ এলাকায় প্রবেশের সময় নিজেদের শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল। পরে নৌমাইনে আঘাত পেয়ে সেগুলোতে আগুন ধরে যায় এবং চলাচলের সক্ষমতা হারায়।
তবে জাহাজ দুটির নাম, মালিকানা, ক্রুদের অবস্থা কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানায়নি ইরানের নৌবাহিনী। এ ঘটনার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
ইরানের পক্ষ থেকে জাহাজ চলাচলের ক্ষেত্রে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করারও আহ্বান জানানো হয়েছে। ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আমির হাতামি দাবি করেন, ইরানের সামরিক, রাজনৈতিক, সামাজিক ও ভূরাজনৈতিক সক্ষমতা সম্পর্কে প্রতিপক্ষকে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা তেহরানের সতর্কবার্তাকে গুরুত্ব দেয়নি।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে দেশটি তার সামগ্রিক সক্ষমতা কাজে লাগাবে—এমন বার্তা আগেই দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিপক্ষ ইরানের সেই সামর্থ্য ও প্রস্তুতি যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি।
এ সময় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার কৌশলগত পরিকল্পনার কথাও তুলে ধরেন সেনাপ্রধান। তাঁর দাবি, ইরানের ওপর হামলা হলে সংঘাত আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে—এমন পূর্বাভাস আগেই দিয়েছিলেন প্রয়াত নেতা।
হাতামির মতে, যুদ্ধের বাস্তবতা সেই কৌশলগত সতর্কবার্তার গুরুত্ব তুলে ধরেছে।
সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ টেনে ইরানের সেনাপ্রধান দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে প্রচলিত অপরাজেয়তার ধারণায় বড় ধরনের পরিবর্তন এসেছে।
তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এখন এমন এক শক্তিতে পরিণত হয়েছে, যাকে সামরিকভাবে পরাস্ত করা সহজ নয়। যারা দেশটিকে দমিয়ে রাখার চেষ্টা করবে, তাদেরই শেষ পর্যন্ত বড় মূল্য দিতে হবে।
হাতামির ভাষ্য, ইরান যুদ্ধের প্রভাব শুধু নিজের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ রাখেনি। যারা সংঘাত শুরু করেছে এবং ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরও যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক পরিণতি ভোগ করতে হচ্ছে।
তিনি বলেন, ইরানের জনগণকে এককভাবে যুদ্ধের চাপ বহন করতে দেওয়া হয়নি। বরং যারা যুদ্ধ উসকে দিয়েছে, তাদেরও নিজেদের জ্বালানি সরবরাহ ও দৈনন্দিন জীবনে সংঘাতের প্রভাব অনুভব করতে হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। আন্তর্জাতিক তেল ও গ্যাস বাণিজ্যের বড় একটি অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে ইরান সেখানে নিয়ন্ত্রণ আরও কঠোর করার ঘোষণা দেওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌবাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিশেষ করে প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ দীর্ঘস্থায়ী হলে তেল পরিবহনে বিলম্ব, সরবরাহ সংকট এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হতে পারে।
ইরানের সাত দফা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে না দেওয়ার অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনের পথকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।
সূত্র: এসোসিয়েট প্রেস।
ইরান যুদ্ধের প্রভাবে কমছে মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুত, আটকে আছে ইউক্রেনের ৬০ প্যাট্রিয়ট
ভুল হিসাব করলে যুদ্ধক্ষেত্রের সমীকরণ বদলে দেবে ইরান
চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী