ইরানের সঙ্গে চলমান যুদ্ধে অংশগ্রহণকারী মার্কিন সেনাসদস্যদের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন প্রভাবশালী সিনেটর।
লজিস্টিক সরবরাহ ঘাটতি ও দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকায় সেনাদের চরম ভোগান্তির বিষয়টি তুলে ধরে তাঁরা এক গণশুনানির দাবি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সিনেট আর্মড সার্ভিসেস কমিটির ১২ জন সদস্যের একটি দল কমিটির চেয়ারম্যান রজার উইকারের কাছে চিঠি লিখে প্রতিরক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই গণশুনানি আয়োজনের আহ্বান জানান। চিঠিতে পেন্টাগনের অপরিকল্পিত সিদ্ধান্ত ও সেনা মোতায়েনের সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ফলে তৈরি হওয়া অব্যবস্থাপনার ওপর ক্ষোভ প্রকাশ করা হয়।
ইলিনয়ের সিনেটর ট্যামি ডাকওয়ার্থের নেতৃত্বে লেখা এই চিঠিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি ও মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোতে খাদ্য ও ওষুধসহ জরুরি সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। উদাহরণ হিসেবে প্রায় নয় মাস ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা রণতরি 'ইউএসএস আব্রাহাম লিংকন'-এর কথা উল্লেখ করা হয়, যেখানে থাকা সেনা ও নাবিকরা মারাত্মক মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছেন।
চিঠিতে সিনেটররা স্পষ্ট অভিযোগ তুলে বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণে সেনারা ভুগছেন। প্রশাসন না পারছে এই যুদ্ধ শেষ করতে, আর না পারছে সেনাসদস্যদের প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা পৌঁছে দেওয়ার মতো নিরাপদ পরিবেশ তৈরি করতে।
দীর্ঘমেয়াদি এই সংকটের ফলে নতুন সেনা নিয়োগে ধস নামতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা। রজার উইকার এই শুনানির আহ্বানে সাড়া দেবেন কি না, তা নিয়ে এখন তোড়জোড় চলছে।
সূত্র: আল-জাজিরা