মাংস খেতে চাওয়ায় ছেলেকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার বাবা-মা

খাসির মাংস খেতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে ৩০ বছর বয়সী নিজের সন্তানকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

শুধু তাই নয়, হত্যাকাণ্ড গোপন রাখা ও তথ্য-প্রমাণ মুছে ফেলার চেষ্টার অভিযোগে নিহতের মাকেও আইনের আওতায় আনা হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পুনের ওয়ারজে মালওয়াড়ি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম মহেশ গায়কোয়াড় (৩০)। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসকে পবিত্র মনে করে অনেকে এ সময় নিরামিষ আহার পালন করেন। মহেশের পরিবারেও এই নিয়ম মেনে মাছ-মাংস খাওয়া বন্ধ রাখা হয়েছিল। তবে ঘটনার দিন মহেশ বাড়িতে খাসির মাংস রান্না করার জন্য জেদ করতে থাকেন।

এ নিয়ে বাবার সাথে মহেশের প্রচণ্ড কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাবা লাঠি তুলে নিয়ে ছেলেকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। লাঠির মারাত্মক আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান মহেশ।

ঘটনাটি ঘটে যাওয়ার পর পুলিশকে অবহিত না করে স্বামীকে বাঁচাতে এবং প্রমাণের আলামত সরাতে তৎপর হয়ে ওঠেন নিহতের মা। তবে গোপন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ওয়ারজে মালওয়াড়ি থানার পুলিশ। পরবর্তীতে প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণিত হলে পুলিশ অভিযুক্ত বাবা ও মা-উভয়কেই গ্রেপ্তার করে। বর্তমানে তাঁদের বিরুদ্ধে হত্যা ও প্রমাণ লোপাটের দায়ে মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: এনডিটিভি