ইরান ও ভারতের মধ্যে চলচ্চিত্র ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। যৌথ চলচ্চিত্র নির্মাণ, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের চলচ্চিত্রবিষয়ক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তেহরানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিশ্বেশ নেগি ও ইরানের চলচ্চিত্র ও অডিওভিজ্যুয়াল বিষয়ক সংস্থার প্রধান রায়েদ ফারিদজাদেহ।
শনিবার (২৮ নভেম্বর) তেহরানে এক বৈঠকে তাঁরা দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর বিভিন্ন উপায় নিয়েও আলোচনা করেন।
বৈঠকে দুই দেশের শীর্ষস্থানীয় চলচ্চিত্রবিষয়ক প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। পাশাপাশি যৌথ চলচ্চিত্র ও অন্যান্য অডিওভিজ্যুয়াল প্রকল্প নির্মাণ, সেগুলোর বাস্তবায়ন এবং চলচ্চিত্র খাতে কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি চালুর বিষয়েও আলোচনা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস জানিয়েছে, ইরান-ভারতের সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে সাম্প্রতিক সময়ে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর নয়াদিল্লিতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামের পার্শ্ববৈঠকে ভারতের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে ইরানের ইসলামিক কালচার অ্যান্ড রিলেশনস অর্গানাইজেশনের প্রধান মোহাম্মদ মাহদি ইমানিপুরের বৈঠক হয়। সেখানে ফারসি ভাষা, ঐতিহাসিক পাণ্ডুলিপি সংরক্ষণ এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
ভারত ও ইরানের সাংস্কৃতিক সম্পর্ক বহু শতাব্দীর পুরোনো। ভারতীয় উপমহাদেশের ভাষা, সাহিত্য, শিল্পকলা ও স্থাপত্যে ফারসি সংস্কৃতির উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। দুই দেশের এই ঐতিহাসিক যোগাযোগকে কাজে লাগিয়ে সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি চলচ্চিত্রশিল্পেও নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে চাইছে তেহরান ও নয়াদিল্লি।
তবে সাম্প্রতিক বৈঠকে যৌথ চলচ্চিত্র নির্মাণসহ বেশ কয়েকটি সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট যৌথ প্রকল্পের চূড়ান্ত চুক্তি বা বাস্তবায়নের সময়সূচি ঘোষণা করা হয়নি।
সূত্র: ইরনা
মিনাবের স্কুলে হামলা আন্তর্জাতিক আইনের একাধিক লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র
ইরানের হামলার ভয়ে আফ্রিকায় ঘাঁটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি