কিরগিজস্তানে পুতিনের সঙ্গে মোদির বৈঠক

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে সোমবার অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ ও শান্তি প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে মোদি বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে বেরিয়ে শান্তির পথে এগিয়ে যাওয়া প্রয়োজন। ইউক্রেন সংকটের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের অন্তহীন যুদ্ধ থেকে যুদ্ধের অবসানের দিকে যেতে হবে।” মানবতার স্বার্থে সব ধরনের সমস্যা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের ওপরও জোর দেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য নেওয়া সব উদ্যোগকে ভারত সমর্থন করে। তাঁর এই অবস্থান ইউক্রেন যুদ্ধ নিয়ে নয়াদিল্লির দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানেরই প্রতিফলন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও ভারত যুদ্ধের পরিবর্তে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের পক্ষে কথা বলে আসছে।

অন্যদিকে পুতিন-মোদি বৈঠকে ভারত-রাশিয়ার ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ও গুরুত্ব পায়। দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বিশকেকে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতৃত্বসহ সদস্য দেশগুলোর নেতারা অংশ নিচ্ছেন। সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় বহুমেরু বিশ্বব্যবস্থা ও পারস্পরিক বাণিজ্যিক সহযোগিতা।

বৈঠকে পুতিন আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে যোগ দিতে তাঁর সফরের বিষয়টিও নিশ্চিত করেছেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মোদি-পুতিনের এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইউক্রেন যুদ্ধ অব্যাহত রয়েছে এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা জোরদারের আলোচনা চলছে। ফলে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও ভারতের শান্তির বার্তা নয়াদিল্লির ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিরই আরেকটি প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।