গাজায় ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৮:২৫ পিএম

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় সোমবার (৩১ আগস্ট) অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে দুজন গাজা সিটির একটি পৌর পার্কের কাছে হামলায় এবং অন্য তিনজন পশ্চিম গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় একটি গাড়িতে চালানো বিমান হামলায় নিহত হন।

চিকিৎসাকর্মীরা জানান, গাজা সিটির পৌর পার্কের কাছে বাস্তুচ্যুত পরিবারে পরিপূর্ণ এলাকায় একটি জনসমাগমকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে দুজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হন।

পরে পশ্চিম গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। চিকিৎসাকর্মীদের ভাষ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত তিনজন নিহত হন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দুটি হামলার লক্ষ্য ছিল হামাসের সদস্যরা। তবে হামলার বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

সোমবার নিহত পাঁচজনের মধ্যে দুজনের মরদেহ আল শিফা হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্বজন ও পরিচিতজনেরা তাদের শেষবারের মতো দেখেন। পরে সাদা কাফনে মোড়ানো মরদেহ দুটি দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

নিহতদের একজনের স্বজন আমজাদ আবু আবদো বলেন, গাজায় কোনো যুদ্ধবিরতি নেই। তাঁর ভাষ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় একটি দিনও স্বস্তিতে কাটেনি। ড্রোনের শব্দে আতঙ্কের মধ্যে ঘুমাতে হয় বলেও জানান তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস নেতৃত্বাধীন যোদ্ধারা। ইসরায়েলি হিসাব অনুযায়ী, ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। এরপর গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় বড় ধরনের লড়াই অনেকটাই থেমে যায়। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা পুরোপুরি বন্ধ হয়নি। ইসরায়েলের দাবি, হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হামলা ঠেকাতেই এসব অভিযান চালানো হচ্ছে।

হামাসের অভিযোগ, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং গাজা সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৃহত্তর পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। ওই পরিকল্পনার মধ্যে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণের বিষয়ও রয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, একই সময়ে তাদের চার সেনা নিহত হয়েছে।

সূত্র: আরব নিউজ

এটিটিআর
আরও পড়ুন