নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দেশটির নুয়াকোট জেলার বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

টানা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলি-এ জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় উদ্ধার অভিযান ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে ত্রিশুলি-বি প্রকল্পের অন্তত ১১৮ শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারী দলগুলোকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।