সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা, নেপালি কর্মী নিহত

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম

সৌদি আরবের জাজান তেল শোধনাগারে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় এক নেপালি কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) এ হামলায় বিভিন্ন দেশের আরও কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার পর শোধনাগারটিতে আগুন ধরে যায় এবং কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শোধনাগারটি একটি ‘শত্রুপক্ষের আকাশপথে নিক্ষিপ্ত প্রক্ষেপণের’ আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আগুনের সূত্রপাত হয়। আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত কর্মীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, হামলার পরপরই জরুরি উদ্ধারকারী ও কারিগরি দল ক্ষয়ক্ষতি নিরূপণ এবং নিরাপত্তা পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মটি ইয়েমেনের হোদেইদা বন্দরে ছিল। জোটের দাবি, তারা ওই প্ল্যাটফর্মটি ধ্বংস করেছে।

বৃহস্পতিবার বিকেলে হামলার খবর জানিয়ে জোট হুথিদের সতর্ক করে বলেছে, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলে তার জবাবে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের উপকূলে অবস্থিত জাজান তেল শোধনাগার। প্রতিদিন এখানে সর্বোচ্চ ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে।

ইয়েমেনের পশ্চিম উপকূলে অবস্থিত হোদেইদা বন্দর হুথিদের নিয়ন্ত্রণে। ইরান-সমর্থিত এই গোষ্ঠী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিরুদ্ধে লড়াই করছে।

সৌদির বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা

জোটের দাবি, বুধবারও হুথিরা জাজান বন্দরে হামলা চালায়। এতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি। একই দিন জেদ্দা ইসলামিক বন্দর এবং সৌদি আরবের পশ্চিমাঞ্চলেও হামলার চেষ্টা করা হয়।

এর আগে মঙ্গলবার রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি টাওয়ারে হুথিদের হামলায় ১১ জন আহত হন বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হুথিদের হামলা ক্রমেই বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে কুয়েতে একটি স্থাপনায় হামলায় দুই ইতালীয় কর্মী নিহত হওয়ার দিনেই জাজান শোধনাগারে হামলার ঘটনা ঘটল। কুয়েতের ওই হামলার জন্য ইরানকে দায়ী করা হয়েছে। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে।

ওয়াইএ
আরও পড়ুন