'মার্কিন অবরোধে ধসে পড়ছে ইরানের অর্থনীতি'

ইরানের তেলের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধকে একটি 'বিশাল বিজয়' হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

তিনি জানান, এই পদক্ষেপটি তেহরানের অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে এবং এটিকে দীর্ঘমেয়াদে বহাল রাখা উচিত।

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক 'নিউজনেশন'-কে দেওয়া এক সাক্ষাৎকারে জন বোল্টন বলেন, ইরানের তেল ও অন্যান্য পণ্য রপ্তানি বন্ধে এই অবরোধ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করেছে। এটি সত্যিই প্রশংসনীয় এবং যুদ্ধের শুরু থেকেই আমাদের এমন পদক্ষেপ নেওয়া উচিত ছিল।

তবে যুক্তরাষ্ট্রের এই চাপ সৃষ্টির রাজনীতিতে চীনকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন বোল্টন। তিনি উল্লেখ করেন, চীন দীর্ঘ দিন ধরে ইরানি তেলের প্রধান ক্রেতা এবং দেশটির ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তেহরানকে আর্থিক লেনদেনে সাহায্য করে আসছে।

বোল্টন বলেন, ইরানকে বাঁচাতে যারা সহায়তা করছে, তাদের কঠোর হস্তে দমন করতে হলে চীনের ব্যাংক ও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর আমেরিকার অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

বোল্টন আরও যোগ করেন, ইরানের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টিকে আমি সম্পূর্ণ সমর্থন করি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অবরোধ টিকিয়ে রাখা। এটি বহাল থাকলে তা অর্থনীতিতে বিরাট প্রভাব ফেলবে, আর বাকি সব অতিরিক্ত সুবিধামাত্র।

সূত্র: আল-জাজিরা