ট্রাম্পের নির্দেশে ইরানে আবারও মার্কিন বিমান হামলা

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা থেকে ইরানি লক্ষ্যবস্তুতে এ বিমান হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বার্তায় এই হামলার খবর নিশ্চিত করেছেন। ট্রাম্প জানান, মঙ্গলবার পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১২টা থেকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

সম্প্রতি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা এবং মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এর আগে সোমবার গভীর রাতে হরমুজ প্রণালিতে সৌদি আরবের ২০ লাখ ব্যারেল তেলবাহী দুটি সুপারট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।

তারও আগে রোববার জর্ডানে মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে আইআরজিসি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে তা ব্যর্থ হয়। মূলত শনিবার লারাক দ্বীপে মার্কিন বাহিনী আইআরজিসির বেশ কিছু মিসাইল লঞ্চার ধ্বংস করার পরই এই উত্তেজনা নতুন রূপ নেয়।

দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত আবার শুরু হলেও ট্রাম্প একে 'সীমিত মাত্রার' পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি জানান, ইরানের নৌ ও বিমান সক্ষমতা অনেকটাই ধ্বংস করা হয়েছে, তাই যুক্তরাষ্ট্রের বর্তমান পদক্ষেপ হবে সুনির্দিষ্ট ও সীমিত।