ইন্ডিগোর জরুরি অবতরণ

২২৯ যাত্রী নিয়ে মাঝআকাশে বিমানের ইঞ্জিন বিকল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ এএম

গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২৯ জন যাত্রী ও ক্রু নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইন্ডিগোর ৬ই ২১০২ (6E 2102) নম্বরের একটি বিমান। কিন্তু উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই মাঝআকাশে বিমানটির একটি ইঞ্জিনে ভয়াবহ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

ইঞ্জিন বিকল হওয়ার আশঙ্কায় বিমানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গাম্ভীর্য বুঝতে পেরে পাইলট কালবিলম্ব না করে কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করেন এবং গোয়া বিমানবন্দরেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

সকাল ৯টা ১৬ মিনিটে উড্ডয়ন করা বিমানটি পাইলটের দক্ষতায় ৯টা ৫০ মিনিটে নিরাপদে মাটিতে নেমে আসে। এর আগে বিমানবন্দর কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও জরুরি প্রতিক্রিয়া দলকে প্রস্তুত রেখেছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইঞ্জিনে কী ধরনের সমস্যা ছিল তা খতিয়ে দেখতে বিমানটির কারিগরি পরীক্ষা শুরু হয়েছে। আটকে পড়া যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছানোর কাজ চলছে। সম্প্রতি বিমান চলাচলে বারবার এমন যান্ত্রিক ত্রুটির ঘটনা যাত্রী নিরাপত্তাকে আবারও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।

 

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত