ইরানের উপকূলীয় এলাকায় দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে চালানো এ হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বলে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধ শুরুর পর এবারই প্রথম সরাসরি ইরানি জাহাজে হামলা চালাল যুক্তরাষ্ট্র। এর আগে ইরানের তেলবাহী জাহাজের চলাচলে বাধা দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হলেও সরাসরি হামলার ঘটনা ঘটেনি।
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতির অনুমোদন দিয়েছেন। এর আওতায় ইরান কোনো ট্যাংকারে হামলা চালালে পাল্টা হিসেবে ইরানি ট্যাংকারে হামলা চালাবে যুক্তরাষ্ট্র।
মার্কিন হামলার শিকার দুটি ট্যাংকার ইরানের উপকূলে মার্কিন নৌ-অবরোধের উত্তর দিকে অবস্থান করছিল। হামলায় ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ট্যাংকার দুটির ইঞ্জিন রুমে আঘাত হানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে হরমুজ প্রণালিতে ইরানের রাডার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন ঠেকাতে যুক্তরাষ্ট্র আরও বড় ধরনের সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ট্যাংকারে হামলাকেও ওই পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।