হরমুজ প্রণালিতে নতুন করে আরও নৌ-মাইন স্থাপন করা হয়েছে বলে দাবি করেছে ইরান। একই সঙ্গে এই জলপথের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ দাবির তীব্র সমালোচনা ও কটাক্ষ করেছে দেশটি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইরানের খাত্তাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, গত রাতের এক সামরিক অভিযানে হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় রুটগুলোতে আরও বেশ কিছু নতুন নৌ-মাইন বসানো হয়েছে।
হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক প্রস্তাবকেও বিদ্রূপ করেন জোলফাগারি। তিনি মার্কিন সেন্ট্রাল কমান্ডকে লক্ষ্য করে বলেন, ওয়াশিংটন চাইলে অন্তত ফটোশপ ব্যবহার করে প্রণালির নাম বদলে দিতে পারে এবং একইভাবে ফটোকপি বা ফটোশপ করেই জ্বালানিবাহী তেলট্যাংকারগুলোকে এই পথ পার করিয়ে নিতে পারে।
এর আগে সেন্টকম দাবি করেছিল যে, হরমুজ প্রণালির সব মাইন ইতিমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে এবং মাইন হামলার খবরগুলোকে ভুয়া তথ্য বা অপপ্রচার বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্পও নতুন করে মাইন না বসানোর ব্যাপারে কড়া সতর্কবার্তা দিয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছিলেন। তবে তেহরান কৌশলগত গোপনীয়তা বজায় রেখে স্পষ্ট জানিয়ে দিয়েছে, মাইনগুলোর সুনির্দিষ্ট অবস্থান কেবল ইরানি বাহিনীই জানে।
সূত্র: আনাদোলু