যুক্তরাষ্ট্রের বিচার করার অধিকার নেই: মাদুরোর আইনজীবী

যুক্তরাষ্ট্রে বন্দি ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাঁর বিরুদ্ধে আনা মাদক পাচার ও নার্কো-সন্ত্রাসবাদের অভিযোগ খারিজের জন্য নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে আবেদন জানিয়েছেন। বুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আদালতে জমা দেওয়া আবেদনে মাদুরোর আইনি দল উল্লেখ করে, জনাব মাদুরোর ক্ষেত্রে এই আদালতের বিচার করার কোনো আইনগত অধিকার বা এখতিয়ার নেই। কারণ ভেনিজুয়েলা বলিবলীয় প্রজাতন্ত্র তাঁকে এখনো নিজেদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেয়।

৬৩ বছর বয়সী ভেনিজুয়েলার এই শীর্ষ নেতা এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে জামিনহীন বন্দি রয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসে কারাকাসে মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে তাঁদের গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়।

তবে কোকেন পাচারে আন্তর্জাতিক কার্টেলের সঙ্গে যোগসাজশের এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন তাঁরা। আদালতের প্রাথমিক শুনানিতে মাদুরো দৃঢ়তার সঙ্গে ঘোষণা দেন, আমি একজন ভদ্রলোক। আমি এখনও আমার দেশের বৈধ প্রেসিডেন্ট।

নিউইয়র্কের আদালত ২০২৭ সালের ১ জুন এই মামলার বিচারকাজ শুরুর দিন ধার্য করেছেন। রাষ্ট্রপ্রধান হিসেবে মাদুরোর যুক্তি আদালত গ্রহণ করবে কি না তা এখনো স্পষ্ট নয়। তবে অভিযোগ প্রমাণিত হলে এই ভেনিজুয়েলান নেতার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

সূত্র: আনাদোলু