ঝুঁকিপূর্ণ যুক্তরাষ্ট্র, স্বর্ণ সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস

ভূরাজনৈতিক ঝুঁকি এবং বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে উত্তর আমেরিকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস।

যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে মোট ৮৬ টন স্বর্ণ উদ্ধার ও স্থানান্তর করে ব্যাংক অব ইংল্যান্ডে গচ্ছিত রেখেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক (ডিএনবি)। সংকটকালীন মুহূর্তে লেনদেন সুবিধা বাড়াতে ডাচদের এই কৌশলগত পদক্ষেপ বলে জানা গেছে।

স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে মার্চ থেকে আগস্টের মধ্যে নিউ ইয়র্ক ও অটোয়া থেকে ২৭ টন স্বর্ণের বার প্রথমে জাইস্টের ডাচ ভল্টে আনা হয়। পরবর্তীতে সেগুলো অক্ষত অবস্থায় লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। নিরাপদ আন্তর্জাতিক স্থানান্তরের লক্ষ্যেই মূলত এমন জটিল বিশ্বস্ত রুট নির্বাচন করে ডাচ ব্যাংক।

আটলান্টিক অতিক্রমের ঝুঁকি এড়াতে বাকি ৫৯ টন স্বর্ণের ক্ষেত্রে অভিনব কৌশল গ্রহণ করে ডিএনবি। নিউ ইয়র্কের বাজারে থাকা তাদের স্বর্ণ সেখানে বিক্রি করে একই সঙ্গে লন্ডন থেকে সমপরিমাণ নতুন স্বর্ণ কিনে নেওয়ার মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি কমানো হয়।

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান ৫০ শতাংশ পর্যন্ত শুল্কযুদ্ধ এবং ট্রেড ওয়ারের প্রভাবেই এ সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বাণিজ্য উত্তেজনার সময়ে নিউ ইয়র্ক বা অটোয়ার চেয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টকে আন্তর্জাতিক লেনদেনের জন্য দ্রুত ও কার্যকর বিকল্প মনে করে নেদারল্যান্ডস।

ডিএনবি প্রেসিডেন্ট ওলাফ স্লাইপেন জানান, সংকটময় পরিস্থিতিতে যেকোনো আন্তর্জাতিক জরুরি আর্থিক লেনদেনের সক্ষমতা ও প্রস্তুতি জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানদণ্ড মেনে সম্পন্ন করে ডাচ কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি