ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট

ভারতের রাজধানী দিল্লিতে মুষলধারে বৃষ্টির পর বজ্রপাত, ঝোড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঘন কালো মেঘে ঢেকে যায় দিল্লির আকাশ। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় ভারী বৃষ্টিপাত।

জন্মাষ্টমী উপলক্ষে বাইরে বের হওয়া অনেক মানুষ আকস্মিক বৃষ্টির মধ্যে পড়েন। বৃষ্টির তীব্রতা বাড়লে আশ্রয়ের জন্য বিভিন্ন স্থানে ছুটতে দেখা যায় তাদের।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পালাম এলাকায় প্রায় সাড়ে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত নাজাফগড়ে ০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

দুপুর ২টা ১৫ মিনিটে দেওয়া স্বল্পমেয়াদি পূর্বাভাসে আইএমডি জানায়, পরবর্তী দুই ঘণ্টায় দিল্লির বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দিল্লিসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

পরবর্তী তিন ঘণ্টার পূর্বাভাসে আইএমডি জানায়, কোথাও কোথাও ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ সাময়িকভাবে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।