বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, কারা আছেন তালিকায়

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ১৩তম স্থান অর্জন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ২০২৭ সালের ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক তালিকায় তাঁর এ অবস্থানকে মালয়েশিয়ার জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত ওয়ার্ল্ড অব বাজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাজনীতি, ধর্ম, সমাজ, অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মুসলিম ব্যক্তিত্বদের নিয়ে প্রতিবছর এ তালিকা প্রকাশ করা হয়।

প্রতিবেদনে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে মালয়েশিয়ার অর্থনৈতিক ও ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিনির্ভর শিল্পের সম্প্রসারণ এবং জ্বালানি খাতের পরিবর্তনে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাঁর সরকারের ‘মালয়েশিয়া মাদানি’ উন্নয়ন কাঠামোর আওতায় বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচিও গুরুত্ব পেয়েছে।

আন্তর্জাতিক রাজনীতিতে আনোয়ার ইব্রাহিমের কূটনৈতিক তৎপরতাও তালিকায় তাঁর অবস্থানের অন্যতম বিবেচ্য বিষয় হিসেবে উঠে এসেছে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাঁর কূটনৈতিক ভূমিকা, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার উত্তেজনা প্রশমনে উদ্যোগ এবং ফিলিস্তিনের প্রতি তাঁর ধারাবাহিক সমর্থনের বিষয়টি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

এ ছাড়া আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাসও প্রতিবেদনে স্থান পেয়েছে। ১৯৭১ সালে তিনি মালয়েশিয়ান ইসলামিক ইয়ুথ মুভমেন্টের (এবিআইএম) প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে দেশটির উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।

গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করা, বেসামরিক মানুষের সুরক্ষা এবং মুসলিম বিশ্বের বিভিন্ন সংকটে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর বক্তব্য ও কূটনৈতিক অবস্থানও প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে।

২০২৭ সালের তালিকায় যৌথভাবে শীর্ষস্থান দখল করেছেন পাঁচজন প্রভাবশালী মুসলিম নেতা। তাঁরা হলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এদিকে তালিকায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো রয়েছেন ১৬তম অবস্থানে। অন্যদিকে, ফিলিস্তিনের চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়াকে ২০২৭ সালের ‘ম্যান অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত