ব্রিকসে তারেক রহমান: ধোঁয়াশায় নয়াদিল্লি

নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে যোগ দেবেন নাকি অন্য কেউ যাবেন, সে বিষয়ে এখনও ভারতের কাছে স্পষ্ট তথ্য নেই।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি নিয়ে নতুন কোনো আপডেট তাদের জানা নেই। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।

বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিল আয়োজক দেশ ভারত। একই সাথে তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। নয়াদিল্লিতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকারের ঘটনায় ঢাকা তীব্র অসন্তোষ প্রকাশ করে।

শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং ভারতের মাটি থেকে রাজনৈতিক বক্তব্য বন্ধের দাবি জানায় বাংলাদেশ সরকার। কূটনৈতিক এই জটিলতার প্রভাব ব্রিকস সম্মেলন ও দ্বিপক্ষীয় সফরে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।