ইরানের পশ্চিমাঞ্চলের হামেদান-সানান্দাজ মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। শনিবারের এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, চলন্ত অবস্থায় জ্বালানি ট্যাংকারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর জেরে ঘটা সড়ক দুর্ঘটনার পরপরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সানান্দাজের গভর্নর।
ইরানে জরাজীর্ণ সড়ক ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। জাতিসংঘের ইউনিসেফের তথ্য অনুযায়ী, দেশটিতে সড়ক দুর্ঘটনার হার বিশ্ব গড়ের চেয়ে প্রায় ২০ গুণ বেশি। এমনকি প্রতিবছর সেখানে সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান।
তথ্যসূত্র: আল জাজিরা