কিয়েভে তিন দিনের হামলা বন্ধের নির্দেশ পুতিনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতদের কিয়েভ সফরকে সামনে রেখে ইউক্রেনের রাজধানী কিয়েভে তিন দিনের জন্য রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (৫ সেপ্টেম্বর) ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, শনিবার মধ্যরাত থেকে কিয়েভে তিন দিন কোনো হামলা চালানো হবে না। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার মস্কো ও কিয়েভ সফর করছেন। তাদের কিয়েভ সফরের সময় এ সাময়িক হামলা-বিরতি কার্যকর থাকবে।

এর আগে শনিবার ক্রেমলিনে উইটকফ ও কুশনারের সঙ্গে বৈঠকে বসেন পুতিন। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ বৈঠকে ইউক্রেন যুদ্ধের অবসানের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা হয়। রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বৈঠকটিকে ‘গঠনমূলক, খোলামেলা ও কার্যকর’ বলে বর্ণনা করেছেন। তবে বৈঠক থেকে কোনো বড় ধরনের অগ্রগতির ঘোষণা দেওয়া হয়নি।

আলোচনায় মার্কিন দূতরা যুদ্ধের সম্ভাব্য সমাধানের বিষয়ে কয়েকটি প্রস্তাব তুলে ধরেন বলে উশাকভ জানিয়েছেন। পুতিন সেখানে রাশিয়ার যুদ্ধক্ষেত্রের অগ্রগতির কথা উল্লেখ করেন এবং ইউক্রেন সংঘাতের ‘মূল কারণগুলো’ সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বৈঠকের আগে পুতিন পরিস্থিতিটিকে ‘কঠিন’ বলে উল্লেখ করেন। দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবেই উইটকফ ও কুশনারের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

মস্কো সফর শেষে মার্কিন দূতদের রোববার কিয়েভে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। দুই পক্ষের মধ্যে ভূখণ্ড ও ইউক্রেনের ন্যাটো সদস্যপদসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে এখনো গভীর মতপার্থক্য রয়েছে। ফলে নতুন এই কূটনৈতিক তৎপরতা শেষ পর্যন্ত যুদ্ধ অবসানের পথে কতটা অগ্রগতি আনতে পারে, সেটিই এখন বড় প্রশ্ন।