জেরুজালেম পোস্টের প্রতিবেদন

ইসরায়েলে একযোগে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে বহু ফ্রন্ট থেকে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান- এমন দাবি করেছে ইসরায়েলি মূল্যায়ন। শনিবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে The Jerusalem Post জানায়, ইরান হিজবুল্লাহ, হামাস, হুথি এবং ইরাকের ইরানপন্থী মিলিশিয়াদের সমন্বয়ে একটি সমন্বিত হামলার পরিকল্পনা করছে বলে ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় যে সমন্বয়ের ঘাটতি ছিল, এবার তা এড়াতে চায় তেহরান। ওই হামলার সময় হামাস ইসরায়েলে বড় ধরনের আক্রমণ চালালেও একই সময়ে হিজবুল্লাহ বা ইরানপন্থী অন্য গোষ্ঠীগুলো পূর্ণমাত্রায় পৃথক ফ্রন্ট খুলে হামলায় যোগ দেয়নি।

জেরুজালেম পোস্ট বলছে, আরব গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে- তেহরান এবার শুরু থেকেই একাধিক ফ্রন্টকে একই সঙ্গে সক্রিয় রাখার কৌশল নিতে চাইছে। অর্থাৎ লেবানন, গাজা, ইয়েমেন ও ইরাক থেকে ইসরায়েলের ওপর একই সময়ে চাপ সৃষ্টি করা হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কুদস ফোর্সের জ্যেষ্ঠ কর্মকর্তারা হিজবুল্লাহ, হুথি এবং ইরাকের ইরানপন্থী মিলিশিয়াগুলোর কমান্ডারদের সঙ্গে সংঘাত বিস্তারের বিষয়ে আলোচনা করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইসরায়েলি মূল্যায়নের এই দাবির প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দক্ষিণ লেবাননকে কেন্দ্র করে সংঘর্ষ অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বড় ধরনের সামরিক অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এই কথিত সমন্বিত হামলার পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। ফলে বিষয়টিকে আপাতত ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়ন ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের দাবি হিসেবেই দেখা হচ্ছে।
সূত্র: ইরানিয়ান ইন্টারন্যাশনাল