যুক্তরাষ্ট্র ইরানি জাহাজে হামলা ও নৌ অবরোধ অব্যাহত রাখলে মার্কিন সামরিক জাহাজের বিরুদ্ধে আরও ‘তীব্র’ প্রতিশোধমূলক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড শনিবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানায়, ইরানি জাহাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘হামলা, নিরাপত্তাহীনতা সৃষ্টি ও হয়রানি’ এবং নৌ অবরোধ অব্যাহত থাকলে অঞ্চলটিতে মার্কিন সামরিক জাহাজের ওপর ইরানের সশস্ত্র বাহিনীর হামলা আগের চেয়ে আরও কঠোর হবে এবং এর পরিধিও বাড়তে পারে।
ইরানের এই হুঁশিয়ারি এসেছে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংস বা অচল করার কয়েক ঘণ্টা পর। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দুটি মার্কিন নৌযান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছিল। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের একটি বিমানবাহী রণতরি ও একটি ডেস্ট্রয়ার ওই হামলা এড়িয়ে যায় এবং কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনাও আরও বেড়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথে সামরিক সংঘাত বাড়লে জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ইরানের সামরিক বাহিনীর সর্বশেষ হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও বড় আকারের সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইরানের হামলায় পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ