ইরান যুদ্ধকে ‘তুচ্ছ ঘটনা’ দাবি

মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘তুচ্ছ ঘটনা’ এবং ‘বড় কোনো বিষয় নয়’ বলে উড়িয়ে দেওয়ায় তার তীব্র সমালোচনা করেছেন প্রভাবশালী ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারফি। ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে তাকে সরাসরি বিপজ্জনকভাবে বাস্তবতা বিচ্ছিন্ন (Dangerously Delusional) বলে আখ্যা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ক্রিস মারফি লিখেছেন, ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আমাদের সামরিক ঘাঁটিগুলোর বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্রের মজুত মারাত্মক বিপজ্জনক মাত্রায় কমে এসেছে। দেউলিয়া হয়ে পড়া কৃষকদের সংখ্যা ইতিহাসে সর্বোচ্চ ছুঁয়েছে। সাধারণ পরিবারগুলোকে প্রতি গ্যালন গ্যাসের জন্য ৫ ডলার দিতে হিমশিম খেতে হচ্ছে। আর ইরান ইতিহাসেই যেকোনো সময়ের চেয়ে এখন বেশি শক্তিশালী। মারফি ক্ষোভ প্রকাশ করে লেখেন, এত কিছুর পরও মার্কিন প্রেসিডেন্টের চোখে এটা নাকি ‘তুচ্ছ ঘটনা’! আমাদের প্রেসিডেন্ট বিপজ্জনকভাবে বাস্তবতা বিচ্ছিন্ন।

এর আগে হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সাথে চলমান সংঘাতকে ‘যুদ্ধ’ বলতে অস্বীকৃতি জানান। এক সাংবাদিক ট্রাম্পকে এই প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি ইরান যুদ্ধকে অত্যন্ত হালকা করে ‘স্মল পটেটোস’ বা তুচ্ছ ঘটনা বলে অভিহিত করেন, যার পরপরই মার্কিন রাজনীতিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
সূত্র: আল-জাজিরা