জাপানের নিইজিমা দ্বীপে ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা জারি

মুষলধারে বৃষ্টিপাতের মুখে জাপানের নিইজিমা দ্বীপে সর্বোচ্চ অর্থাৎ ‘লেভেল-৫’ ইমার্জেন্সি ভূমিধস সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর (জেএমএ)। জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে (NHK)-এর বরাতে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই আগ্নেয়দ্বীপে সোমবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৮১ মিলিমিটার (১৫ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চরম দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে এই সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরের দিক থেকে কেবল নিইজিমা নয়, সমগ্র পূর্ব জাপানেও অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে টোকিও, চিবো ও সাইতামা প্রিফেকচারের বেশ কিছু অংশ এবং ফুকুশিমা প্রিফেকচারের মধ্যাঞ্চলে ‘লেভেল-৪’ ভূমিধস সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, মূল দ্বীপ হোনশুর দিকে উষ্ণ ও আর্দ্র বাতাস অগ্রসর হওয়ায় প্রশান্ত মহাসাগর সংলগ্ন বিস্তৃত এলাকাগুলোতে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিপজ্জনক এলাকার বাসিন্দাদের ভূমিধস ও আকস্মিক বন্যা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।