পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে চীনা ও জাপানি জাহাজের অবস্থান ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুই দেশই একে অপরের জাহাজের বিরুদ্ধে নিজেদের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ তুলেছে।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, জাপানের সেনকাকু এবং চীনের দিয়াওয়ু নামে পরিচিত জনবসতিহীন দ্বীপগুলোর কাছে এ ঘটনা ঘটে। দ্বীপগুলো তাইওয়ান ও জাপানের ওকিনাওয়া অঞ্চলের মধ্যবর্তী পূর্ব চীন সাগরে অবস্থিত।
জাপানের কোস্টগার্ডের দাবি, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৪২ মিনিটের দিকে দুটি চীনা কোস্টগার্ড জাহাজ বিতর্কিত জলসীমায় প্রবেশ করে। পরে সেগুলোকে জাপানের একটি মাছ ধরার নৌযানের দিকে এগিয়ে যেতে দেখা যায়। এ সময় জাপানি টহল জাহাজ থেকে বারবার সতর্ক করে চীনা জাহাজ দুটিকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
টোকিওর অভিযোগ, চীনা জাহাজের এই তৎপরতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাপানের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে, বেইজিংয়ের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, দ্বীপগুলো চীনের সার্বভৌম ভূখণ্ডের অংশ। সেখানে চীনা কোস্টগার্ড আইন অনুযায়ী প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় জাপানের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে বেইজিং।
সেনকাকু-দিয়াওয়ু দ্বীপপুঞ্জ নিয়ে জাপান ও চীনের বিরোধ দীর্ঘদিনের। বর্তমানে দ্বীপগুলো জাপানের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকলেও চীন সেগুলোর ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসছে। কৌশলগত অবস্থানের পাশাপাশি আশপাশের সমুদ্রাঞ্চলের সম্ভাব্য জ্বালানি ও মৎস্যসম্পদের কারণেও অঞ্চলটি গুরুত্বপূর্ণ।
চলতি বছরের জুলাই মাসেও একই এলাকায় দুই দেশের কোস্টগার্ড জাহাজ মুখোমুখি হয়েছিল। সে সময়ও উভয় পক্ষ একে অপরের জাহাজকে নিজেদের জলসীমা থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছিল।
দ্বীপ বিরোধের পাশাপাশি তাইওয়ান ইস্যুতে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গত বছর বলেছিলেন, চীন তাইওয়ানে সামরিক হামলা চালালে পরিস্থিতি অনুযায়ী জাপানও সামরিকভাবে জড়িত হতে পারে। তাঁর এ বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় বেইজিং।
এরপর চীন জাপানের বিরুদ্ধে বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করে এবং নিজেদের নাগরিকদের জাপান ভ্রমণে সতর্ক করে। সাম্প্রতিক দ্বীপসংক্রান্ত ঘটনাও দুই দেশের বিদ্যমান বিরোধকে আরও সামনে নিয়ে এসেছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পূর্ব চীন সাগরে নিয়মিত টহল ও মাছ ধরার নৌযানকে কেন্দ্র করে দুই দেশের মুখোমুখি অবস্থান বড় ধরনের সামুদ্রিক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও কার্যকর সংকট ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: এএফপি।
গণহত্যা মামলায় আইসিজের সব নির্দেশ মানবে না মিয়ানমার : মিন অং
চীনের ওপর আরও ২০ শতাংশ শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
পাকিস্তান পেরিয়ে ভারতে গ্যাস নিতে চায় তুর্কমেনিস্তান