দক্ষিণ লেবাননে একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় একজন প্যারামেডিক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে মিডল ইস্ট আই এই হামলার তথ্য নিশ্চিত করেছে। নাবাতিয়াহ গভর্নরেটের কফর রুমান শহরে গাড়িটি চালানোর সময় ইসরায়েলি বিমান হামলায় নিহত ওই প্যারামেডিকের নাম আলী শাহরুর বলে শনাক্ত করা হয়েছে।
ইসরায়েলি হামলার পর জরুরি উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। তবে এই হামলা সম্পর্কে লেবাননের কর্তৃপক্ষ বা ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এর আগে বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, পৃথক আরেকটি ইসরাইলি হামলায় দুই প্যারামেডিক নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৩০ জন জরুরি সেবা ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।