আসন্ন নেসেট (সংসদ) নির্বাচনকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজা ইস্যুতে 'খানিকটা অযৌক্তিক আচরণ' করছে বলে মন্তব্য করেছেন মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার। গাজায় চলমান হামলা এবং হামাসকে নিরস্ত্র করার লক্ষ্যে গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করার পরই এই মন্তব্য সামনে এলো।
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে কিয়েভ সফরকালে কুশনার বলেন, গাজার চূড়ান্ত পরিণতি কী হওয়া উচিত, সে বিষয়ে আমার মনে হয় আমরা ইসরায়েলিদের সঙ্গে একমত। কিন্তু ওদের দেশে নির্বাচন ঘনিয়ে এসেছে, আর এ কারণেই কয়েকটি ক্ষেত্রে ওরা কিছুটা অযৌক্তিক আচরণ করছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গাজায় হামাসসহ সমস্ত সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার এবং বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের একটি প্রস্তাব জোরদার করার চেষ্টা চলছে। কিন্তু আগামী ২৭ অক্টোবরের ইসরায়েলি নির্বাচনের আগে এই পরিকল্পনা বাস্তবায়নে দেশটির সরকার বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভীর গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তর করার আহ্বান জানিয়েছেন, যার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলো।
এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রোববার গাজা সিটির আল-নাসর এলাকায় একটি গাড়িতে আইডিএফের বিমান হামলায় ৮ বছরের এক শিশুকন্যা ও তার বাবা নিহত হন। এছাড়া সোমবার সকালে উত্তর গাজায় আবারও সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। একটি সামরিক গাড়িতে হামাসের বোমা বিস্ফোরণের জবাবেই এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।