পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে গড়ে ওঠা মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানের অংশগ্রহণ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ হতে পারে।
সোমবার (৭ সেপ্টেম্বর) মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্সে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ল্যাভরভ বলেন, উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটি অভিন্ন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রস্তাব রাশিয়া দুই দশকেরও বেশি আগে দিয়েছিল। ওই কাঠামোয় আরব রাজতন্ত্রগুলোর পাশাপাশি ইরানকেও অন্তর্ভুক্ত করার কথা ছিল।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক সম্পর্ক জটিল হলেও তাদের মধ্যে বৈঠক ও আলোচনা আয়োজন, বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা এবং আস্থা তৈরির উদ্যোগে সহযোগিতা করতে চেয়েছিল মস্কো।
এ সময় ইরান ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার প্রসঙ্গও তুলে ধরেন ল্যাভরভ। তিনি বলেন, চীনের মধ্যস্থতা ও রাশিয়ার সক্রিয় উৎসাহে কয়েক বছর আগে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।
সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের উপস্থাপিত মক্কা প্রতিরক্ষা চুক্তিকে সম্মিলিত নিরাপত্তা ও প্রতিরক্ষা জোটের একটি কাঠামো হিসেবে উল্লেখ করেন ল্যাভরভ। তার মতে, ভবিষ্যতে এই কাঠামোয় উপসাগরীয় অঞ্চলের বাইরের দেশগুলোকেও অন্তর্ভুক্ত করা সম্ভব। এ ক্ষেত্রে মিসর ও আলজেরিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি।
ল্যাভরভ বলেন, মক্কা প্রতিরক্ষা জোটে ইরান কোন শর্তে অংশ নিতে পারে, সে বিষয়ে যদি সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সমঝোতা হয়, তাহলে তা রাশিয়ার দীর্ঘদিনের প্রস্তাবিত আঞ্চলিক নিরাপত্তা কাঠামো বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার একটি বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে।
তবে এ ধরনের কোনো আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় রাশিয়া নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবে না বলেও স্পষ্ট করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র: জিও নিউজ