সৌদিতে হুথিদের হামলাকে `বিশ্বাসঘাতক' বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

সৌদি আরবের বেসামরিক ও জ্বালানি স্থাপনায় হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এক বিবৃতিতে তিনি বলেন, সৌদি আরবের বেসামরিক ও জ্বালানি স্থাপনায় হুথিদের কাপুরুষোচিত হামলার আমি তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, পাকিস্তান সৌদি আরবের বাদশাহ, যুবরাজ এবং দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে।

শাহবাজ শরিফ বলেন, এ ধরনের ‘বিশ্বাসঘাতক’ হামলা নিরীহ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি তৈরি করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন আবারও নিশ্চিত করা হলো।

শাহবাজ শরিফের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হুথিদের হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রিয়াদ বলছে, হামলায় বেসামরিক ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের এই অবস্থান দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতারও প্রতিফলন। একই সঙ্গে হুথিদের হামলাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে ইসলামাবাদ।