ইরান-পাকিস্তান সীমান্তে এলপিজি ও খাদ্যপণ্যবাহী ট্রাক চলাচল শুরু

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম

ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্তপথ গাবদ-রিমদান পুনরায় খুলে দিয়েছে পাকিস্তান। এর ফলে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যবাহী আটকে থাকা ট্রাকগুলোর চলাচল আবার শুরু হয়েছে। গত ১৭ অক্টোবর থেকে বন্ধ থাকা এই সীমান্তপথ শনিবার (২৪ অক্টোবর) পুনরায় চালু করা হয় বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর জেলায় অবস্থিত এই সীমান্তপথটি ‘গেট ২৫০’ নামেও পরিচিত। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত কর্তৃপক্ষ ১৬ অক্টোবর বা তার আগের তারিখে পণ্য চালানের নথি ইস্যু করা বাণিজ্যিক চালানগুলো পারাপারের অনুমতি দিয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে স্থগিত হয়ে থাকা বাণিজ্য কার্যক্রম আবার সচল হয়েছে।

গোয়াদর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মীর নাভিদ জান কালমাতি সীমান্তপথটি পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমদানি ও রপ্তানিপণ্য নিয়ে ট্রাকসহ অন্যান্য যানবাহনকে পাকিস্তান ও ইরানের মধ্যে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

সীমান্তপথ চালু হওয়ায় দুই পাশে আটকে থাকা ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা তাৎক্ষণিক স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পাকিস্তানজুড়ে এলপিজির ঘাটতি কমানো এবং জ্বালানি ও খাদ্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণেও এই পদক্ষেপ সহায়ক হতে পারে বলে জানিয়েছেন কালমাতি।

এক সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর সীমান্তপথটি পুনরায় চালু হওয়ায় পাকিস্তান-ইরান দ্বিপক্ষীয় বাণিজ্য আবার গতিশীল হওয়ার সুযোগ তৈরি হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন