জর্ডানের আল আজরাক ঘাঁটিতে মোতায়েন করা মার্কিন সেনা লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)।
কঠিন ও তরল জ্বালানিচালিত বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই আক্রমণ পরিচালনা করা হয় বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম-এর প্রতিবেদন অনুযায়ী, আগ্রাসনের উপযুক্ত জবাব দিতেই এই বিশেষ সামরিক অভিযান চালানো হয়েছে।
হামলায় মার্কিন বিমান বাহিনীর এফ-থার্টি ফাইভ (F-35), এফ-সিক্সটিন (F-16) এবং এফ-ফিফটিন (F-15) যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও মোতায়েন কেন্দ্রগুলোকে সরাসরি নিশানা করা হয়।
আইআরজিসি দাবি করেছে, ক্ষেপণাস্ত্রগুলো শত্রুপক্ষের বিমান প্রস্তুতকরণ স্থান এবং হ্যাঙ্গার বা আশ্রয়স্থলে সরাসরি আঘাত হেনেছে। এর ফলে ঘাঁটিটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর অবকাঠামো ও সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।