ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে এই যুদ্ধের প্রভাব পড়লেও একই পরিস্থিতিতে তিনি আবারও একই সিদ্ধান্ত নিতেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধের কারণে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে-এমন বিবেচনায় তিনি নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন।
ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহাম তাকে এ বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, তিনি ‘অনুতাপ’ শব্দটিতে বিশ্বাস করেন না। তবে সিদ্ধান্ত নেওয়ার পর নিজেকে কিছুটা প্রশ্ন করা স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, “আমি যদি আবারও একই পরিস্থিতিতে পড়তাম, তাহলে ঠিক যেভাবে করেছি, সেভাবেই করতাম।”
যুদ্ধের কারণে তার কিছু সমর্থক হতাশ হয়ে পড়েছেন-এমন ধারণাও নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়নি; বরং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে তারা গর্বিত।
ট্রাম্প বলেন, “আমি মনে করি না তারা হতাশ। আমি মনে করি, ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে না দেওয়ায় তারা খুবই গর্বিত।”
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হতে পারে-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প একটি নির্দিষ্ট সময়ের ইঙ্গিত দিয়েছেন। তার দাবি, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই যুদ্ধের অবসান ঘটবে।
ট্রাম্প বলেন, “নির্বাচনের পরপরই এটি শেষ হবে।”
তার এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সামরিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা চলছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধের ব্যয়, নিরাপত্তা পরিস্থিতি এবং মার্কিন ভোটারদের ওপর এর প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন রয়েছে।
তবে ট্রাম্পের বক্তব্যে আপাতত সেই উদ্বেগের কোনো প্রতিফলন দেখা যায়নি। বরং তিনি স্পষ্ট করেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকানোর লক্ষ্যকে তিনি নিজের সিদ্ধান্তের প্রধান যুক্তি হিসেবে দেখছেন এবং সেই সিদ্ধান্ত পুনরায় নেওয়ার সুযোগ থাকলেও অবস্থান পরিবর্তন করতেন না।